ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের হাসিলবাগ গ্রামে ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে কার্যালয়ে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
স্থানীয় ছাত্রদলকর্মী শাকিল খান বলেন, রাত ২টার দিকে এক নারী কার্যালয়ে আগুন দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কার্যালয়ের আসবাবপত্র পুড়ে যায়।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে দুর্বৃত্তরা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। তিনি এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।





