দুই বিএনপি নেতা হত্যার জেরে নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ বহু বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
নড়াইলের কালিয়া উপজেলায় দুই বিএনপি নেতা হত্যার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ বহু বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বেন্দারচর ও আশপাশের এলাকায় বিক্ষুব্ধ জনতা এসব হামলা চালায় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের দাবি, অন্তত ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা হয়েছে।
তবে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, যে সংখ্যা প্রচার করা হচ্ছে, তার সবটা সত্য নয়। বিক্ষুব্ধ জনতা ২০টির মতো বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বাকি বাড়িঘরগুলো মূলত ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ভাঙচুর হয়েছিল।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে কালিয়া উপজেলা ছাত্রদল ও যুবদলের মোটরসাইকেল শোডাউন বেন্দারচরের বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ শাহীন মোল্যা এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
শুক্রবার দুপুরে নিহত দুই নেতার কবর জিয়ারত ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে কালিয়ায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এরপর বিকেল থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। ওসি জানান, দুই বিএনপি নেতা হত্যার ঘটনায় এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে। শনিবার নিহতদের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাড়িঘরে হামলার বিষয়ে সাবেক এমপি কবিরুল হক মুক্তি ও সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বক্তব্য পাওয়া যায়নি। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।





