৫ ডিসেম্বর গোবিন্দগঞ্জ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী, ‘দেশের বাইরে আমাদের কারও ঠিকানা নেই’: প্রতিমন্ত্রী
আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাব্য এই সফর সামনে রেখে শনিবার (২১ নভেম্বর) বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনও তাঁর সঙ্গে ছিলেন।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফরে করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানী প্রদানসহ বেশ কিছু কর্মসূচি রাখা হয়েছে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়ন প্রত্যাশার প্রতিফলন ঘটবে। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে।
মীর শাহে আলম বলেন, ‘দেশের বাইরে আমাদের কারও কোনো ঠিকানা নেই। আমরা এ দেশেই থাকব এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব।’
তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর আওতায় দেশের খাল ও মরা নদী পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে, যা কৃষি ও সেচব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে। গোবিন্দগঞ্জে করতোয়া নদীর বিভিন্ন অংশ ও খাল পরিদর্শন করা হয়েছে এবং শিগগিরই খনন কার্যক্রম উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।





