ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোম্পানীগঞ্জে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু
উদ্বোধন করলেন এমপি ফখরুল ইসলাম
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি ফখরুল ইসলামের সহধর্মিণী জোসনা আরা বেগম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন, বিএনপি নেতা মমিনুল হক, পৌরসভা বিএনপির সহসভাপতি শওকত হোসেন ছগীর, সাবেক কাউন্সিলর নূরনবী সবুজসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপযুক্ত পরিবার শনাক্তকরণ এবং তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এ মাঠপর্যায়ের কার্যক্রম শুরু করা হয়। সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়ন করা হবে।
এ সময় এমপি ফখরুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত অসহায়, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর কাছে পৌঁছে, সে জন্য সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাত ছাড়াই প্রকৃত উপকারভোগী নির্বাচন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় পর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে কর্মসূচিটি কার্যকরভাবে বাস্তবায়ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।





