নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর ‘বানোয়াট’, ভিডিও পুরোনো ও এআই দিয়ে তৈরি: পুলিশ
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলেছে পুলিশ। পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পুরোনো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
শনিবার (২১ নভেম্বর) নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদারের পাঠানো এক লিখিত বার্তায় বলা হয়, বেন্দারচর গ্রামে কোনো হিন্দু পরিবারের বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের সদস্য বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট সংলগ্ন বটতলায় বিএনপির একটি মিছিলে হামলা হয়। পুলিশের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালান। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন। এ ঘটনায় দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের জেরে ২০ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে নিহতদের বিক্ষুব্ধ স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজনের বাড়িতে হামলা চালিয়ে চলে যান। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এআই দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে। এ দাবির বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া) কামারুন মুনিরা জানিয়েছেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
বাড়িঘরে হামলার অভিযোগের বিষয়ে স্থানীয় বিএনপির বক্তব্য পাওয়া যায়নি।





