সেনবাগে দুই ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় স্কাইরক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নোয়াখালীর সেনবাগে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে স্কাইরক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের মইজদীপুর আইডিয়াল একাডেমি, আশরাফুল উলুম দাখিল মাদরাসা এবং হাজী মোকসুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মাষ্টার মোকছেদুর রহমান ফাউন্ডেশন ও হাজী এয়াকুব ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষায় শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের অধ্যয়নমুখী ও প্রতিযোগিতামূলক পরিবেশে এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নে সহায়তা করাই এ ধরনের বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য।
স্থানীয় সচেতন মহল মনে করেন, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশে নিয়মিত এ ধরনের উদ্যোগ নেওয়া হলে তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ আরও শক্তিশালী হবে।





