ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ল মেয়র মামদানির, ক্রাচে ভর দিয়ে এলেন সংবাদ সম্মেলনে
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ফুটবল খেলতে গিয়ে পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে সিটি হলের সাংবাদিকদের দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচে খেলার সময় তিনি এই চোট পান।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা ঘোষণার সংবাদ সম্মেলনে মেয়র হাজির হন পায়ে বুট আর হাতে ক্রাচ নিয়ে। সেখানে একটি টুলে বসে তিনি সাংবাদিকদের বলেন, “আমার অ্যাকিলিস ছিঁড়ে গেছে।”
মার্কিন সংবাদমাধ্যম এবিসি৭ নিউইয়র্ক জানায়, ম্যাচটি হয়েছিল একটি ইনডোর টার্ফ মাঠে। দ্বিতীয়ার্ধে বলের পেছনে দৌড়ানোর সময় কারও সঙ্গে ধাক্কা ছাড়াই (নন-কন্টাক্ট) তাঁর চোট লাগে। মামদানির ভাষ্য অনুযায়ী, ম্যাচে মেয়রের দপ্তরের দল সাংবাদিকদের ১০-৫ গোলে হারিয়েছে।
মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই একটি গোলও করেন মামদানি। তবে খেলার আগে শরীর গরম করেননি বলে নিজেই স্বীকার করেন। হাসতে হাসতে তিনি বলেন, “আমি স্ট্রেচ করিনি। ভুলেই গিয়েছিলাম যে আমার বয়স ৩৫।” সম্প্রতি ৩৫ বছরে পা দিয়েছেন তিনি।
সিবিএস নিউইয়র্ক জানায়, সেরে উঠতে মেয়রকে ছয় থেকে আট সপ্তাহ পায়ে বুট পরে থাকতে হবে। মামদানি বলেন, “আমি ছয় থেকে আট সপ্তাহ বুট পরে থাকব। প্রায় নয় মাস পর আবার ফুটবল খেলব।”
অস্ত্রোপচার লাগবে কি না, কিংবা চোটের কারণে মেয়রের দৈনন্দিন কর্মসূচিতে কোনো পরিবর্তন আসছে কি না, তা সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়নি। চোট নিয়েও শুক্রবার তিনি নির্ধারিত সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা তুলে ধরেন।
সূত্র: সিবিএস নিউইয়র্ক, এবিসি৭ নিউইয়র্ক





