রোহিঙ্গা গণহত্যায় রাষ্ট্রের পাশাপাশি অপরাধে জড়িতদেরও জবাবদিহি চায় এনসিপি
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার জন্য মিয়ানমারের রাষ্ট্রীয় দায়ের পাশাপাশি অপরাধে জড়িত ব্যক্তিদেরও জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (২১ নভেম্বর) দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো বিবৃতিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়ে এ দাবি তোলা হয়। একই সঙ্গে রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালে আরাকান রাজ্যে রোহিঙ্গাদের ওপর সংঘটিত জেনোসাইডের দায়ে মিয়ানমারকে দায়ী করে আইসিজের রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার জন্য গাম্বিয়া এবং মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানায় দলটি।
এনসিপি জানায়, আদালত রায়ে রোহিঙ্গাদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতিসাধন এবং জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপকে জেনোসাইডের কর্মকাণ্ড হিসেবে প্রতিষ্ঠা করেছেন।





