যশোরের শার্শায় বৃষ্টিতে ভাসছে কৃষকের স্বপ্ন
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে যশোরের শার্শা উপজেলার কৃষকের স্বপ্ন ভাসছে বৃষ্টির পানিতে।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার রাত পর্যন্ত অবিরাম ভাবে ঝরতে থাকে।এতে নিচু জমিগুলোতে পানি জমেছে। কোথাও কোথাও ধান ও সবজির খেত পানিতে তলিয়ে গেছে।অবশ্য শনিবার সকাল থেকে বৃষ্টি ঝরা বন্ধ থাকলেও সূর্যের দেখা নেই।
অব্যাহত বৃষ্টিতে বিভিন্ন এলাকার মাঠে পানি জমেছে। এতে পাকা আমন ধান ও শীতকালীন সবজির খেত ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় রয়েছেন কৃষকরা।
বিশেষ করে মাঠে কেটে রাখা ভেজা ধান ঘরে তুলতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।
কৃষি বিভাগ বলছে, সবজির গোড়ায় দীর্ঘসময় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে। দ্রুত জমি থেকে পানি নিষ্কাশনের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে ফসলের পরিস্থিতির খোঁজখবর রাখা হচ্ছে।
শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে টানা বৃষ্টিতে নিচু জমিগুলোতে পানি জমেছে। কোথাও কোথাও ধান ও সবজির খেত পানিতে তলিয়ে গেছে।
মাঠে কেটে রাখা পাকা আমন ধান বৃষ্টির পানিতে ভিজে আছে। রোদ না থাকায় এসব ধান শুকানো সম্ভব হচ্ছে না। ফলে ধানের গুণগত মান নষ্ট হওয়া ও পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
এদিকে শীতকালীন সবজির খেত নিয়েও উদ্বেগ বাড়ছে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মরিচ, শিম, মুলা, টমেটো ও বেগুনসহ বিভিন্ন সবজির জমিতে পানি জমে থাকায় গাছের গোড়া পচে যাওয়া এবং ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টির পানি দীর্ঘস্থায়ী হলে কৃষকদের লোকসানের পরিমাণ আরও বাড়তে পারে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শার্শা উপজেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে উপজেলার সব এলাকায় পানি না জমলেও নিম্নাঞ্চলের কিছু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মাঠে কেটে রাখা আমন ধান এবং নিচু জমির সবজি আবাদ ঝুঁকির মুখে পড়েছে।
উপজেলার টেংরা গ্রামের সবজি চাষী আমির হোসেন বলেন, দু'দিনের বৃষ্টিতে আমার বেগুন খেতে পানি জমে গেছে। পরপর দু'তিন দিন রোদ হলে পানি সরে যাবে বলে আশা করছি।
উপজেলার উত্তর বারোপোতা গ্রামের রফিকুল ইসলাম বলেন, জমির ধান কেটে মাঠে রাখিছি। কিন্তু টানা বৃষ্টিতে সব ধান ভিজে গেছে। রোদ না উঠলি ধান শুকিয়ে ঘরে তোলা সম্ভব হবে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান নষ্ট হয়ে বড় ধরনের লোকসানে পড়তে হবে। আবার মাঠে অনেক কৃষকের পাকা ধান এখনো কাটার অপেক্ষায় রয়েছে।"
বুরুজবাগান গ্রামের একজন সবজি চাষী জমির হোসেন বলেন, “দুই বিঘা জমিতে বাঁধাকপি এবং সাড়ে তিন বিঘা জমিতে ধান চাষ করেছি। বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এভাবে পানি জমে থাকলে বাঁধাকপির গাছ নষ্ট হয়ে যেতে পারে। সময়মতো সবজি বিক্রির উপযোগী না হলে বড় ক্ষতির মুখে পড়তে হবে।”
আফজাল হোসেন বলেন, টানা দু'দিনের বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না।মাঠে যাবো কীভাবে?
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন বলেন, বর্তমানে মাঠে আমন ধান পেকে গেছে। অনেক কৃষক ধান কেটে ঘরে তুলেছেন, আবার অনেকে কেটে মাঠে রেখেছেন।নিম্নচাপের ফলে দু'দিনের বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। তবে জমিতে ধানের গোড়ায় অতিরিক্ত পানি জমে না থাকলে ধানের তেমন ক্ষতির আশঙ্কা নেই।
কৃষকদের আশঙ্কা, বৃষ্টি দ্রুত থেমে রোদ না উঠলে মাঠে কেটে রাখা ধান শুকানো কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে নিচু জমির সবজি আবাদও ক্ষতির মুখে পড়তে পারে। তাই দ্রুত বৃষ্টির পানি নিষ্কাশন ও আবহাওয়ার উন্নতির অপেক্ষায় রয়েছেন শার্শার কৃষক পরিবারগুলো।





