মৌলভীবাজারে যুবলীগ কর্মীকে না পেয়ে বৃদ্ধ বাবাকে থানায় আটকে রাখার অভিযোগ
মৌলভীবাজার জেলা যুবলীগের কর্মী পঙ্কজ চক্রবর্তীকে বাড়িতে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবা পরেশ চক্রবর্তীকে পুলিশ ধরে নিয়ে থানায় আটকে রেখেছে বলে অভিযোগ উঠেছে। পঙ্কজ চক্রবর্তীর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার ১০ নং নাজিরাবাদ ইউনিয়নের পশ্চিম দুঘর গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রের বরাতে অভিযোগ অনুযায়ী, পুলিশ পঙ্কজকে খুঁজতে তাঁর পশ্চিম দুঘর গ্রামের বাড়িতে অভিযান চালায়। তাঁকে বাড়িতে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবা পরেশ চক্রবর্তীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে, পঙ্কজ চক্রবর্তী থানায় এসে আত্মসমর্পণ না করা পর্যন্ত পরেশ চক্রবর্তীকে মুক্তি দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট মহল ও প্রতিবাদকারীরা এক বিবৃতিতে জানান, একজনের পরিবর্তে তাঁর নিরপরাধ বৃদ্ধ বাবাকে আটকে রেখে ছেলেকে আত্মসমর্পণে বাধ্য করার এমন প্রক্রিয়া অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তাঁরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পরেশ চক্রবর্তীর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁর পরিবারের নিরপরাধ সদস্যদের হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তবে, উত্থাপিত এই অভিযোগের বিষয়ে স্থানীয় থানা ও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের বক্তব্য পাওয়ার পর ঘটনার বিস্তারিত তথ্য ও সত্যতা নিশ্চিত হওয়া যাবে।





