আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি; গাজীপুরে ফিরছে স্বাভাবিক অবস্থা
শিল্পাঞ্চল আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজনাকর পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা বিভিন্ন কারখানায় কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় একের পর এক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। হঠাৎ ছুটির নোটিশ দেখে অনেক শ্রমিক কর্মস্থল থেকে ফিরে যান।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছিলেন। পরে কয়েকটি কারখানায় অসন্তোষ দেখা দিলে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বড় কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
কারখানার প্রবেশপথ, গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। বারবার কারখানা বন্ধ ও উৎপাদন ব্যাহত হওয়ায় পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের মধ্যে গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শনিবার সকাল পর্যন্ত মহানগর ও জেলার কোথাও মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে।





