পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির গেটে আগুন: ‘পেট্রোল বোমা হামলা’ বলছে বিএনপি, প্রমাণ মেলেনি বলছে পুলিশ
সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির প্রবেশমুখের একটি গেটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
ঘটনাটিকে প্রতিমন্ত্রীর বাসভবনে ‘পেট্রোল বোমা হামলা’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বলছে, সেখানে পেট্রোল বোমা ছোড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এসএমপির উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) আফজাল হোসেন জানান, শুক্রবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে প্রতিমন্ত্রীর বাসার গলির প্রবেশপথের একটি গেটে আগুন দেওয়া হয়। ওই গেটের ভেতরে একাধিক বাসা রয়েছে, যার একটি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর।
তিনি বলেন, গেটে ন্যাকড়াজাতীয় কাপড়ে কেরোসিন বা পেট্রোলজাতীয় পদার্থ ঢেলে আগুন ধরানো হয়। অগ্নিসংযোগ কোনো বাসার ভেতরে ঘটেনি এবং পেট্রোল বোমা ছোড়ারও প্রমাণ মেলেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে পেট্রোল বোমা হামলা হিসেবে প্রচার করা সঠিক নয় বলেও জানান তিনি। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শনিবার (২১ নভেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে রিজভী দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা শুক্রবার ভোরে প্রতিমন্ত্রীর সিলেটের বাসভবনে হামলা চালায়। ঘটনাটিকে ‘ন্যক্কারজনক ও কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে তিনি জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিবৃতিতে রিজভী বলেন, ‘এখনও পর্যন্ত বিএনপি সরকারের সহনশীলতাকে ফ্যাসিস্টরা যদি দুর্বলতা ভেবে থাকে, তাহলে আমি বলবো তারা নির্বোধ।’
রিজভীর অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।





