‘কাফনের কাপড় রেডি রাখিস’—ছাত্রলীগ না ধরতে জোরারগঞ্জের ওসিকে হোয়াটসঅ্যাপে হুমকি
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার না করতে চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একটি বিদেশি নম্বর থেকে বুধবার কয়েকটি বার্তার মাধ্যমে এ হুমকি দেওয়া হয়।
ওসির দাবি অনুযায়ী, বুধবার রাত ৮টা ৫৩ মিনিট থেকে ১১টা ১৩ মিনিট পর্যন্ত তাঁর সরকারি নম্বরের হোয়াটসঅ্যাপে বার্তাগুলো আসে। এতে লেখা ছিল, “আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে... কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।” বার্তায় পরিবার ও বংশ শেষ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়।
ওসি আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং নম্বরটি শনাক্তে থানায় একটি অভ্যন্তরীণ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি বলেন, “এখানে ভীত হওয়ার কিছু নেই। আমি আমার থানা এলাকার আড়াই লাখ মানুষের নিরাপত্তার দায়িত্বে আছি।”
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে থানা, পুলিশের গাড়ি ও স্থাপনায় হামলার ঘটনা ঘটছে। হুমকির বিষয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।





