পলাশে গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পোনে এগারোটার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের বারারচর গ্রামে অবস্থিত ব্যাংকটির জিনারদী শাখায় এই পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের কিছু স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা তা দ্রুত নিভিয়ে ফেলে। এলাকাবাসী জানায়, দুর্বৃত্তরা অন্তত ৪ টি পেট্রোল বোমা নিক্ষেপ করে শাখাটিতে। তবে এ ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি শাখাটির। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে ব্যাংকের নৈশপ্রহরী আফাজউদ্দিন জানান, আমি শুয়ে আছিলাম এমন সময় একটা আওয়াজ, আওয়াজ হওয়ার পরে গন্ধ বের হয় পরে আমি গেট খুলে উপরে স্যারকে ডাকি গেট খুইলা বের হইয়া দেখি আগুন। পরে আমি আগুন নিবাই। কয়জন আইছে আমি দেখছি না আমি বারঅইয়া আগুন পাইছি পরে পানি দিয়া নিবাইছি।
জিনারদী গ্রামীণ ব্যাংক শাখার ম্যানেজার সুমি জানান, পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ভিতরের কোন ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে । পলাশ থানায় এ ঘটনায় একটি জিডি করা হবে।
এদিকে খবর পেয়ে রাতেই পলাশ থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা, কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ দিকে এ ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসীসহ ব্যাংকটিতে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারিদের মাঝে আতংক বিরাজ করছে।





