জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি দল হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, সরকার গঠনের পর সেই ব্যর্থতা আরও বেড়েছে। তবে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে তিনি স্বাগত জানান এবং বলেন, ঐক্যের ফাটল মেরামতের প্রধান দায়িত্ব সরকারের।
শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, জুলাই অভ্যুত্থানের আগে দীর্ঘ ১৫-১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যে ঐক্য ও সংহতি গড়ে উঠেছিল, তা রক্ষায় তাঁরা শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছেন। কিন্তু রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে অবিশ্বাস ও দূরত্ব তৈরি করে বিএনপি নিজেদের জন্য আত্মঘাতী পরিস্থিতি সৃষ্টি করেছে।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট হলে তার অপমৃত্যু ঘটবে। জুলাই সনদের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছিল, সেগুলো ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান গণ-অভ্যুত্থানের পক্ষের দলগুলোর প্রতি ঐক্যের ডাক দিয়েছেন। মামুনুল হকের বক্তব্যের বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





