রাজস্ব সংস্কার করলে জিডিপি প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উঠতে পারে: বিশ্বব্যাংক
রাজস্ব আহরণ বাড়ানো, সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা এবং জ্বালানি খাতের আর্থিক চাপ কমাতে প্রয়োজনীয় সংস্কার করা হলে বাংলাদেশের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক।
বৃহস্পতিবার প্রকাশিত ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজস্ব আয় কম, পরিচালন ব্যয় বাড়ছে এবং জ্বালানি খাতের আর্থিক চাপ ক্রমেই তীব্র হচ্ছে। এতে উন্নয়ন ব্যয়ের জন্য সরকারের হাতে অর্থ কমে যাচ্ছে, বিশেষ করে মানবসম্পদ ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।
বিশ্বব্যাংকের প্রক্ষেপণ অনুযায়ী, সংস্কার পুরোপুরি বাস্তবায়ন করা গেলে ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির ৮ শতাংশ থাকা সরকারের রাজস্ব আয় ২০৩৪-৩৫ অর্থবছরে ১৪ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে। সীমিত সংস্কার হলে এ হার দাঁড়াতে পারে ১০ শতাংশে।
একই সময়ে সরকারি ব্যয় জিডিপির ১৮ শতাংশে উন্নীত করা সম্ভব হবে এবং বাজেট ঘাটতি পুরো সময়জুড়ে জিডিপির ৫ শতাংশের নিচে থেকে ২০৩৪-৩৫ অর্থবছরে ৩ দশমিক ৬ শতাংশে নামতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্ব সংস্কারকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের অন্যতম ভিত্তি করতে হবে। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনেও এ সংস্কার গুরুত্বপূর্ণ। অতিরিক্ত অর্থ স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামোয় বিনিয়োগ করা গেলে আরও বেশি ও মানসম্মত কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করছে সংস্থাটি।





