১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ সুগম করতে চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার পথ সুগম করতে জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। শুক্রবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা জানান।
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের প্রেক্ষাপটে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ক্ষতিপূরণের দাবি তোলার ক্ষেত্রে বাংলাদেশকে শক্তিশালী আইনি ভিত্তি দিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরা নির্ভর করবে রাখাইন রাজ্যে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত হওয়ার ওপর। দীর্ঘস্থায়ী এই সংকটের একমাত্র কার্যকর সমাধান দ্রুত ও টেকসই প্রত্যাবাসন।
ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি বলেন, শুধু দ্বিপক্ষীয় প্রচেষ্টায় প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায় সম্ভব নয়; এতে একাধিক দেশ ও সংস্থার সম্পৃক্ততা প্রয়োজন। মামলার বাদী গাম্বিয়া বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুললে বাংলাদেশ জাতিসংঘ কাঠামোর মধ্যে থেকে কাজ করবে।
হুমায়ুন কবির জানান, আইসিজে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করেছে। আদালতের ইতিহাসে এটিই প্রথম রায়, যেখানে কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হলো। ২০১৯ সালের ১১ নভেম্বর মামলাটি করায় তিনি গাম্বিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেননি প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি নিরাপত্তা পরিষদে উঠলে ঢাকা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করবে।





