রাজধানীতে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন, নিন্দা বিএনপির
রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
দলটির বিবৃতিতে বলা হয়, মুখে মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশায় এসে পার্ক করা গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখে আগুন নেভান। তবে এর আগেই গাড়ির একাংশ পুড়ে যায়।
এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যৌথ বিবৃতিতে অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করতে এ ঘটনা ঘটিয়েছে। তাঁরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ঘটনার নিন্দা জানিয়ে শুক্রবার বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত।” তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা ও ভীতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
অভিযোগের বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।





