রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমারের সরকার
রাখাইনে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যা হয়েছে মর্মে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘অন্যায্য’ বলেছে মিয়ানমারের সরকার। শুক্রবার রাজধানী নেপিডোতে এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানানো হয়।
সংবাদ সম্মেলনে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, “১৫ জন বিচারকের সবাই এই রায়ের সঙ্গে একমত হননি। ৯ জন পক্ষে আর ৬ জন বিপক্ষে মত দিয়েছেন। সুতরাং এটি সর্বসম্মত সিদ্ধান্ত নয়। আমি বলব এটি অন্যায্য।” তিনি জানান, রায় পর্যালোচনার জন্য সরকারের সময় প্রয়োজন।
মামলায় পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার যুক্ত হওয়ারও সমালোচনা করেন মুখপাত্র। তাঁর দাবি, ওই দেশের সঙ্গে মিয়ানমারের কোনো সম্পর্কই ছিল না।
বৃহস্পতিবার রায়ে আইসিজে বলেছে, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে এবং শিশুদের ওপর চরম বর্বরতা দেখিয়েছে। মিয়ানমারের ‘বিদ্রোহ দমন অভিযানের’ যুক্তিও খারিজ করে দিয়েছেন আদালত। আইসিজের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হলো।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, এ রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণের দাবিতে বাংলাদেশকে শক্তিশালী আইনি ভিত্তি দিয়েছে।
সূত্র: মিয়ানমার নাও, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম





