দুই সীমান্তে ২৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
বৈরী আবহাওয়ার সুযোগে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। একই সময়ে মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়েও চারজনকে পুশইনের চেষ্টা হয়। দুই জায়গাতেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তা প্রতিহত করা হয়েছে।
৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, বৃহস্পতিবার রাতে বড়লেখার পাল্লাতল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে সাতজন নারী-পুরুষকে এবং শুক্রবার সকালে লাতু সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পাল্লাতল সীমান্ত থেকে সাতজনকে সরিয়ে নেওয়া হলেও লাতু সীমান্তের ভারতীয় অংশে এখনো ১৩ জন বৃষ্টির মধ্যে অবস্থান করছেন।
এ ঘটনায় শুক্রবার বিকেলে পাল্লাতল সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফকে এভাবে লোক পাঠানো বন্ধ করতে এবং সীমান্তে অবস্থানরত ১৩ জনকে ফিরিয়ে নিতে অনুরোধ জানানো হয়। তবে বিএসএফ লোক পাঠানোর বিষয়টি অস্বীকার করেছে।
এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে রাতে চারজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে শুক্রবার সকালে বিএসএফের ১১ ব্যাটালিয়নের সদস্যরা ওই চারজনকে কাঁটাতারের বেড়ার ভেতরে ফিরিয়ে নিয়ে যায়।
সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বিজিবি।





