দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বলেছেন, দলের অনেকের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্পর্ক রয়েছে এবং তাঁরা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তিনি হুঁশিয়ার করে বলেন, “আপনারা সাবধান হয়ে যান। দলের কেউ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
শুক্রবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ হলরুমে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিশৃঙ্খলা করলে শক্ত হাতে দমন করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। পাড়া-মহল্লায় পাহারা বসানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ঘটনা ঘটলে জড়িতদের ধরে পুলিশে দিতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।
একই দিন সিলেটে জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদ মিছিল শেষে সমাবেশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আর কিছু অবশিষ্ট নেই। তারা রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।
দিনাজপুরের হাকিমপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মানুষকে পুড়িয়ে মারা, গুম-খুন ও ব্যবসা-বাণিজ্য নষ্ট করা কোনো রাজনৈতিক দলের কাজ নয়, এগুলো সন্ত্রাসী দলের কাজ। তিনি বলেন, খারাপ কাজের জবাব খারাপভাবে না দিয়ে সজাগ থেকে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মন্ত্রীদের এসব অভিযোগের বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।





