কোম্পানীগঞ্জে বিয়ের গেট দেখে ফেরার পথে মাটিবাহী ট্রাকের চাপায় শিশু রিহাম নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মেহেদী হাসান ওরফে রিহাম (৯) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিজয়নগর-ইসলামনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিহাম চরকাঁকড়া ইউনিয়নের আবদুল মজিদ স্যারাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। সে স্থানীয় নাজিরহাট মাদরাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশের একটি বিয়ের গেট দেখতে গিয়েছিল রিহাম। পরে সেখান থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





