কুষ্টিয়া দৌলতপুরে বিশেষ অভিযানে ১৮ জন গ্রেপ্তার, তালিকায় কাঁকন বাহিনীর সদস্য টুয়েল।
তানভীর আজাদ
কুষ্টিয়া প্রতিনিধি ॥
কুষ্টিয়ার দৌলতপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে বিএনপির এক নেতাসহ বিভিন্ন অভিযোগ ও মামলায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে দৌলতপুর থানা পুলিশ। অভিযানে প্রায় ৮০ জন পুলিশ সদস্য অংশ নেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মরিচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনি ফরাজী এবং কাকন বাহিনীর সক্রিয় সদস্য ও জোড়া হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি টুয়েল।
পুলিশ জানায়, মনি ফরাজীকে জুয়া খেলার অভিযোগে আরও ছয়জনের সঙ্গে গ্রেপ্তার করা হয়। তিনি মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ঝালু ফরাজীর ভাই। টুয়েল ওই এলাকার আলাই ফরাজীর ছেলে। তার বিরুদ্ধে জোড়া হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন, ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন এবং ছয় বোতল স্কাব কফ সিরাপসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জুয়া খেলার অভিযোগে সাতজন, মাদক সেবনের অভিযোগে দুজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, রাতের অভিযানে ওয়ার্ড বিএনপির সভাপতি মনি ফরাজী ও টুয়েলকে পুলিশ গ্রেপ্তার করেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৌলতপুরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, অভিযানে আদাবাড়িয়া, প্রাগপুর, রামকৃষ্ণপুর, মথুরাপুর, ফিলিপনগর, মরিচা ও পিয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।