নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু
নওগাঁর পত্নীতলায় বাসার বেলকুনিতে খেলাধুলা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সৌউদ (৭) নামে প্লে শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে পত্নীতলা পল্লী বিদ্যুৎ-২ অফিসের পেছনে একটি তিনতলা ভবনের বেলকুনিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী সৌউদ জেলার মহাদেবপুর উপজেলার শহররায় গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে ও দারুন নাজাত ইসলামি একাডেমির প্লে শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, ঘটনার সময় দুই শিশু ওই ভবনের বেলকুনিতে খেলাধুলা করছিল। এ সময় বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে আসা একটি এসএস পাইপে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয় সৌউদ। বিষয়টি দেখতে পেয়ে তার মা চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তুলি পাল শিশুটিকে পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মো. নিয়ামুল হক মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে এস আই অপূর্ব পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছবি ঝাপসা করা হয়েছে





