প্রতিবন্ধী অধিকার নিশ্চিতকরণে কুড়িগ্রামে জেলা সম্মেলন
মোঃ সাইফুর রহমান,
কুড়িগ্রাম প্রতিনিধি॥
কুড়িগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা, অংশগ্রহণ ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা আরও কার্যকর করা এবং সমাজের মূলধারায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর সম্মেলনে গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের খলিলগঞ্জ এলাকার অভিনন্দন কনভেনশন সেন্টারে এ জেলা সম্মেলনের আয়োজন করা হয়। ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুশাসন নিশ্চিতকরণে সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় আয়োজিত এ সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, সরকারি সেবায় প্রবেশাধিকার, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং সুশাসন প্রতিষ্ঠায় তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।
আলোচনায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; একই সঙ্গে পরিবার, সমাজ, স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকা প্রয়োজন। সরকারি বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের যেন কোনো ধরনের বৈষম্য বা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রায় শতাধিক প্রতিবন্ধী প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা নিজেদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
সম্মেলনটি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে তাদের অংশগ্রহণমূলক ও মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।