শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ‘ইমোশনের বিষয় নেই, আইন প্রয়োগ করব’: আইনমন্ত্রী আসাদুজ্জামান
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ বিষয়ে ‘ইমোশনের কোনো বিষয় নেই’, সরকার আইন প্রয়োগ করবে।
রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সেটা আমরা ডিউ প্রসেসে করছি। সেখানে আমাদের আইনসংগতভাবে ডিল করা হবে। আমরা যখন কোনো পদক্ষেপ নেব, এখানে ইমোশনের কোনো বিষয় নেই। বিষয়টা হলো, আমি আমার আইনটাকে প্রয়োগ করব।’
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের আদালতে আইনি লড়াই করা হবে কি না—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এটি ভারত সরকারের বিষয়। বন্দিবিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ তাদের কাছে অনুরোধ জানিয়েছে।
ভারত শেখ হাসিনাকে বন্দী নয়, রাষ্ট্রীয় অতিথি বলছে—এ বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, ‘আমার কাছে উনি অপরাধী। আমাদের ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত একজন অপরাধী—এটা হলো আমাদের কাছে তার পরিচয়। তারা কী বলছেন, তারা বললে তো হবে না! আমার রাষ্ট্রে ওপেন আদালতে বিচার হয়েছে।’
ছবি: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান — DelwarHossain / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)





