সেনবাগে দীর্ঘসূত্রতায় বেহাল সেবারহাট–হিজলী সড়ক, চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ
মোহাম্মদ উল্যা
বিশেষ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট থেকে হিজলী তেমুহনী পর্যন্ত সড়কটি সংস্কারকাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ১২ ফুট প্রশস্ত সড়কটির সংস্কারকাজ ২০২৪ সালের শুরুর দিকে শুরু হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজ সম্পন্ন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
সড়কটি উত্তর রাজারামপুর, আহাম্মদপুর, চাঁদপুর, নজরপুর, শুভপুর ও হিজলী গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। স্থানীয়দের দাবি, প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ ও গর্ত। কোথাও কোথাও প্রয়োজনীয় খোয়া ও নির্মাণসামগ্রী যথাযথভাবে না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সংস্কারকাজ দীর্ঘদিন ধরে চলমান থাকলেও কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। কাজের দীর্ঘসূত্রতা, অব্যবস্থাপনা ও তদারকির ঘাটতির কারণে সড়কটির দুর্ভোগ আরও বেড়েছে বলে তারা মনে করছেন। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতির বিষয়েও অভিযোগ রয়েছে তাদের।
সড়কটির পাশে রয়েছে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাধ্যমিক বিদ্যালয়, আটটি নূরানী মাদরাসা এবং অসংখ্য মসজিদ। প্রতিদিন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও মুসল্লিদের ঝুঁকি নিয়ে সড়কটি ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টি হলে দুর্ভোগ আরও বাড়ে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এ ছাড়া অসুস্থ রোগী নিয়ে জরুরি প্রয়োজনে হাসপাতালে যাতায়াতের ক্ষেত্রেও ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিনের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান ভুক্তভোগীরা।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটির সংস্কারকাজ শেষ করে নিরাপদ ও স্বাভাবিক যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে কাজের দীর্ঘসূত্রতা ও অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
তাদের দাবি, আর দীর্ঘসূত্রতা নয়—দ্রুততম সময়ে সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করে জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।