তৃতীয় দেশে পাঠাতে ব্যর্থ, শেখ হাসিনাকে বাংলাদেশের সামরিক বিমানে ফেরত পাঠাতে চায় ভারত: বিবিসি বাংলা
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেও সফল হয়নি নয়াদিল্লি। এখন তাঁকে সাধারণ বন্দী প্রত্যর্পণের মতো নয়, বরং যেভাবে তিনি ভারতে গিয়েছিলেন, সেভাবে বাংলাদেশের সামরিক বিমানে ফেরত পাঠানোর কথা ভাবছে ভারত। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের নীতিনির্ধারকেরা শুরুতে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়ার পক্ষে ছিলেন। কয়েকটি দেশের সরকারের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেও কোনো সমাধান মেলেনি। ফলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়াকেই এখন সবচেয়ে বাস্তবসম্মত পথ হিসেবে দেখছে দিল্লি।
বিবিসি বাংলা জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট যে ধরনের সামরিক বিমানে শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন, সে রকম বিমান পাঠিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাঁর প্রত্যাবর্তনের দায়িত্ব নিক—এমনটাই চায় নয়াদিল্লি। কোনো নির্দিষ্ট স্থলসীমান্ত দিয়ে সেনাসদস্যদের মাধ্যমে তাঁকে গ্রহণের বিষয়টিও আলোচনায় আছে। ফেরার পর তাঁর নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে নিশ্চয়তাও চায় ভারত।
প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই অভ্যুত্থানসংক্রান্ত মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং নতুন করে ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যাশাও রয়েছে ভারতের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে বিবিসি বাংলা জানায়, জেনেশুনে তাঁকে ফাঁসির মুখে ঠেলে দেওয়া ভারতের পক্ষে সম্ভব নয়।
২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল। প্রত্যর্পণ চুক্তির আইনি দিকের কথা বলে ভারত এখনো সে বিষয়ে সিদ্ধান্ত জানায়নি। এদিকে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তবে ভারতের কর্মকর্তাদের একাংশের ধারণা, ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁর ফেরা অনিশ্চিত।
বিবিসি বাংলার এই প্রতিবেদন নিয়ে বাংলাদেশ সরকার বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত (ফাইল ছবি)





