বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর দলীয় পদ ফিরে পেলেন নড়াইল ও লোহাগড়ার ৬ বিএনপি নেতা
দীর্ঘদিন পর আবারও নিজ নিজ সাংগঠনিক দায়িত্বে ফিরেছেন নড়াইল ও লোহাগড়া বিএনপির ছয় নেতা। বহিষ্কারাদেশ প্রত্যাহারের ধারাবাহিকতায় তাঁদের আগের পদে পুনর্বহাল করেছে নড়াইল জেলা বিএনপি।
রোববার (২২ নভেম্বর) জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে গত ৬ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কমিটির পত্রের মাধ্যমে ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছিল।
পদ ফিরে পাওয়া নেতারা হলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সভাপতি মো. তেলায়েত হোসেন বাবু, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম এবং লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ ও সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু।





