রাজধানীর কল্যাণপুরে মোটরসাইকেলে এসে ১০টি ককটেল বিস্ফোরণ, একজন আটক
রাজধানীর কল্যাণপুরে দুই স্থানে প্রায় ১০টি ককটেল ও পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে দারুস সালাম থানার আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
পুলিশ জানায়, সাফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের সড়কে এবং খাজা মার্কেটের সামনের ফুটওভারব্রিজের গোড়ায় ককটেলগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীর (৪০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে সংবাদমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য এসেছে; পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল বলেন, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা দুটি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। পুলিশ সদর দপ্তর এসব ঘটনাকে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে।
ছবি: সংগৃহীত





