রিকশাচালক থেকে শিক্ষার্থী—১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন যাঁরা, সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
রিকশাচালক, চা-বিক্রেতা, রাজমিস্ত্রি, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষার্থীরাও এখন ব্যাংক থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিলের নীতিমালা সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
নীতিমালা অনুযায়ী, একজন ব্যক্তি বা ক্ষুদ্র উদ্যোক্তা প্রকৃত প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাবেন। ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো জামানত লাগবে না; তবে ঋণগ্রহীতাসহ সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত নিশ্চয়তা নিতে পারবে ব্যাংক। ২ থেকে ৫ সদস্যের দলগত ঋণে সর্বোচ্চ ৪০ লাখ টাকা দেওয়া যাবে, তবে সদস্যপ্রতি সর্বোচ্চ ৮ লাখ টাকা।
এ ঋণে সুদ বা মুনাফার হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ। ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ১ শতাংশ সুদে এ অর্থ পাবে। ছয় মাসের গ্রেস পিরিয়ডসহ ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ৫ বছর বা ৬০ মাস। ব্যাংক ঠিক করে দেবে মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক বা বার্ষিক কিস্তি।
ঋণ পাবেন জেলে, কাঠমিস্ত্রি, স্বর্ণকার, কামার, কুমার, দরজি, হকার, রিকশা-ভ্যানচালক, মেকানিক, রাজমিস্ত্রি, প্লাম্বার, চা-শ্রমিক, মুদি দোকানি, মোবাইল রিচার্জ ও এমএফএস এজেন্ট, ফুটপাতের খাবার বিক্রেতা, ফল-সবজি-ফুল বিক্রেতা, কৃষক, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনকারী, মৎস্যচাষি, ফ্রিল্যান্সারসহ বিভিন্ন পেশার মানুষ।
মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারী উদ্যোক্তাদের দিতে হবে। কৃষক স্মার্ট কার্ডধারী কৃষক, দুর্যোগকবলিত এলাকা, উপকূল, চর ও হাওরের বাসিন্দা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষ এবং প্রবাসী ও বিদেশফেরত কর্মীদের পরিবার অগ্রাধিকার পাবেন।
সুবিধাবঞ্চিত পরিবারের ২৫ বছরের কম বয়সী শিক্ষার্থীরা অভিভাবকের নিশ্চয়তায় কারিগরি, বৃত্তিমূলক ও আইটি প্রশিক্ষণ এবং এমবিবিএস, বিডিএস, প্রকৌশলসহ উচ্চশিক্ষার খরচের জন্য ঋণ নিতে পারবেন। ১৮ বছর পূর্ণ হলে ব্যবসা শুরুর জন্যও ঋণ নেওয়া যাবে।
ঋণ নিতে ১০, ৫০ বা ১০০ টাকার ব্যাংক হিসাব লাগবে; না থাকলে খুলে নিতে হবে। ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এ ঋণ বিতরণ ও আদায় করা যাবে। ৩ লাখ টাকা পর্যন্ত ঋণে সিআইবি প্রতিবেদনের জন্য কোনো ফি নেওয়া যাবে না। তবে ঋণখেলাপিরা এ সুবিধা পাবেন না। প্রজ্ঞাপনের তারিখ থেকে পাঁচ বছর এ তহবিল চালু থাকবে।
প্রতীকী ছবি





