সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি ও জটিলতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। সঠিক চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরাও সুস্থ, কর্মক্ষম ও উৎপাদনশীল জীবনযাপন করতে পারেন।
বিশ্ব ডায়াবেটিস দিবস (১৪ নভেম্বর) উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী একটি বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা উদ্বেগের বিষয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদ্রোগ, কিডনি, চোখসহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে; এর জটিলতা প্রাণঘাতীও হতে পারে।
তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। যাঁদের ডায়াবেটিস নেই, তাঁদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও শারীরিকভাবে সক্রিয় থাকার পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। অসংক্রামক রোগ মোকাবিলায় সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি বলেও উল্লেখ করেন তিনি।
ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা, গবেষণা ও জনসচেতনতা সৃষ্টিতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
ছবি: সংগৃহীত





