৩০ টাকার চালে সাময়িক স্বস্তি, টেকসই সমাধান ন্যায্য মজুরিতেই
তৈরি পোশাকশ্রমিকদের জন্য প্রতি কেজি ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল বিক্রির বিশেষ ওএমএস কর্মসূচি চালু করেছে সরকার। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে প্রতি শুক্রবার ট্রাকে করে এ চাল বিক্রি হবে। নিত্যপণ্যের চড়া দামে যে শ্রমিক পরিবারগুলো মাসের শেষ দিকে টানাটানিতে পড়ে, তাদের কাছে এই উদ্যোগ নিঃসন্দেহে কিছুটা স্বস্তি নিয়ে আসবে। আমরা উদ্যোগটিকে স্বাগত জানাই।
তবে প্রশ্ন হলো, এটি কি সমস্যার সমাধান, নাকি সাময়িক প্রলেপ? দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে যে খাত থেকে, সেই খাতের প্রায় ৩০ লাখ শ্রমিককে যদি মাস চালাতে ভর্তুকির চালের লাইনে দাঁড়াতে হয়, তবে তা মজুরিকাঠামোর দুর্বলতাকেই সামনে আনে। ন্যূনতম মজুরি বোর্ড এখন নতুন মজুরি নির্ধারণের কাজ করছে, আর শিল্পাঞ্চলে মজুরি নিয়ে অসন্তোষও চলছে। এই প্রেক্ষাপটে ওএমএস যেন মজুরি আলোচনার বিকল্প হয়ে না দাঁড়ায়, সেদিকে সরকারকে সতর্ক থাকতে হবে।
কর্মসূচির বাস্তবায়ন নিয়েও কিছু প্রশ্ন আছে। চাল বিক্রি হবে সপ্তাহের একমাত্র ছুটির দিন শুক্রবারে। শ্রমিক প্রতিনিধিরা যথার্থই বলছেন, ছুটির দিনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানো শ্রমিকদের জন্য নতুন ভোগান্তি তৈরি করতে পারে। ট্রাকের সংখ্যা সীমিত, বিক্রি মজুত থাকা সাপেক্ষে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম হলে হতাশা ও বিশৃঙ্খলার আশঙ্কা থেকেই যায়। কারখানার পরিচয়পত্র ও মাস্টাররোলে সইয়ের যে নিয়ম রাখা হয়েছে, তা যেন অনিয়ম বা হয়রানির হাতিয়ার না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।
আমরা মনে করি, কর্মসূচিটি কার্যকর করতে কয়েকটি পদক্ষেপ জরুরি। কারখানার সঙ্গে সমন্বয় করে কারখানা ফটক বা কাছাকাছি নির্দিষ্ট স্থানে বিক্রির ব্যবস্থা করা যেতে পারে, যাতে শ্রমিকদের ছুটির দিন নষ্ট না হয়। চালের পাশাপাশি ডাল, তেল, চিনির মতো নিত্যপণ্যও ন্যায্যমূল্যে দেওয়ার কথা ভাবা যেতে পারে। আর বিক্রির তালিকা, পরিমাণ ও স্থান প্রকাশ্যে জানিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যাতে ভর্তুকির সুবিধা প্রকৃত শ্রমিকের হাতেই পৌঁছায়।
সবচেয়ে বড় কথা, শ্রমিকের মর্যাদা রক্ষার টেকসই পথ হলো এমন মজুরি, যা দিয়ে একজন শ্রমিক সম্মানের সঙ্গে পরিবার চালাতে পারেন। ভর্তুকির চাল সেই পথে একটি সহায়ক পদক্ষেপ হতে পারে, কিন্তু গন্তব্য নয়। মালিক, শ্রমিক ও সরকার—তিন পক্ষের আলোচনায় দ্রুত একটি বাস্তবসম্মত ও ন্যায্য মজুরিকাঠামো চূড়ান্ত হবে, এটাই আমাদের প্রত্যাশা।
ফাইল ছবি





