মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধ; পুলিশ আসতেই পালাল
চট্টগ্রামের আনোয়ারায় টায়ারে আগুন জ্বালিয়ে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়ক অবরোধ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ছয়টার দিকে উপজেলার শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের টহল দল পৌঁছানোর আগেই তাঁরা সটকে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল যুবক সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন এবং কয়েকটি টায়ারে আগুন ধরিয়ে দেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ আসার পর দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলমেট, মাস্ক ও মুখে কাপড় বাঁধা ১০ থেকে ১৫ জন যুবক সড়কে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ সময় তাঁরা দক্ষিণ চট্টগ্রাম জেলা ছাত্রলীগ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, এলাকায় পুলিশের টহল চলছিল। টহল দলের চলাচলের ফাঁকে তাঁরা এক থেকে দেড় মিনিটের জন্য অবরোধ করেন। টহল দল পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাঁরা পালিয়ে যান। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনায় কারা জড়িত, তা যাচাই করা হচ্ছে। শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছবি: ভিডিও থেকে নেওয়া





