যশোরে বিএনপি নেতার বাড়িতে দুটি অবিস্ফোরিত ককটেল, চিরকুটে হত্যার হুমকি
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে এক বিএনপি নেতার বাড়ি থেকে দুটি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু ও হত্যার হুমকি লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এগুলো উদ্ধার করা হয়।
ভুক্তভোগী শিমুল হোসেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবং ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি জানান, সকালে বাড়ির উঠানের কাছে লাল স্কচটেপে মোড়ানো জর্দার কৌটার মতো দুটি বস্তু পড়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। পরে তিনি পুলিশে খবর দেন।
পুলিশ গিয়ে বস্তু দুটির পাশে একটি চিরকুট পায়। তাতে শিমুল হোসেনকে হত্যার হুমকির পাশাপাশি নানা অশালীন কথা লেখা ছিল। শিমুলের অভিযোগ, বৃহস্পতিবার রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁর বাড়ি লক্ষ্য করে ককটেল ছুড়েছিল, তবে সেগুলো বিস্ফোরিত হয়নি।
খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি মডেল থানা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কারা এগুলো রেখে গেছে, তা এখনো জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। তাঁরা ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে যশোর শহরের মুজিব সড়কের পুরোনো আদালত ভবনের কাছে, বকুলতলার জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে এসে ককটেলগুলো ছোড়া হয়। এসব ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, শহরের বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ছবি: সংগৃহীত





