নাসিরনগরে লেপ-তোষকের দোকানে আগুন, পুড়ে ছাই লাখ টাকার মালামাল
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে একটি লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে দোকানের ভেতরে থাকা লেপ, তোষক, বালিশ, তুলা ও কাপড়সহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের গার্লস স্কুলসংলগ্ন সমীর দেবের মার্কেটে এ ঘটনা ঘটে। দোকানটির মালিক নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের রায়হান মিয়া। আগাম শীতকে কেন্দ্র করে সম্প্রতি তিনি দুই থেকে আড়াই লাখ টাকার মালামাল কিনেছিলেন বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, হঠাৎ দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তুলা ও কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে যায়।
দোকানমালিক রায়হান কাঁদতে কাঁদতে বলেন, ‘এই দোকানটাই আমার সব ছিল। তিলে তিলে গড়া দীর্ঘদিনের স্বপ্ন এক নিমেষে পুড়ে ছাই হয়ে গেল। এখন কী দিয়ে সংসার চালাব, কী দিয়ে ছেলেমেয়েদের মুখে খাবার তুলে দেব?’
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশের দোকানগুলোতেও আগুন ছড়ানোর আশঙ্কা দেখা দিলেও স্থানীয় লোকজনের দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা ব্যবসায়ীদের। ঘটনার পর স্থানীয় পুলিশ, গণ্যমান্য ব্যক্তি ও বাজার কমিটির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দোকানমালিকের প্রতি সমবেদনা জানান।
ছবি: প্রতিনিধি





