ভারতে তিন বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি
বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী-পুরুষ। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল পোর্ট থানা-পুলিশ তাঁদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেয়।
ফেরত আসা ব্যক্তিদের একজন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের নাজমুল হাওলাদার। অন্যজন এক নারী, যাঁর প্রকৃত নাম প্রকাশ করা হচ্ছে না।
পুলিশ জানায়, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বাসাবাড়ি ও ইটভাটায় কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সেখানকার পুলিশ তাঁদের আটক করে কারাগারে পাঠায়। পরে আদালত তাঁদের তিন বছরের সাজা দেন। সাজা শেষে দুই দেশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাঁদের ফেরত পাঠানো হলো।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, তিন বছর কারাভোগের পর ভারত থেকে ফেরত আসা দুই বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের মাঠকর্মী শফিকুল ইসলাম বলেন, ফেরত আসা দুজনকে থানা থেকে গ্রহণ করে রাতেই সংস্থার নিজস্ব আশ্রয়কেন্দ্রে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ছবি: প্রতিনিধি





