কুইবেকে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল রাখলেন কানাডার সুপ্রিম কোর্ট
কানাডার কুইবেক প্রদেশে সরকারি স্কুলের শিক্ষক, পুলিশ সদস্যসহ কিছু সরকারি কর্মচারীর কর্মস্থলে হিজাব, পাগড়ি ও কিপ্পার মতো ধর্মীয় প্রতীক পরিধানে নিষেধাজ্ঞা মূলত বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার (২৭ নভেম্বর) দেওয়া ঐতিহাসিক এ রায়ে প্রদেশটির বহুল আলোচিত ধর্মনিরপেক্ষতা আইন ‘বিল ২১’ নিয়ে বছরের পর বছর চলা আইনি লড়াইয়ের নিষ্পত্তি হলো।
তবে কুইবেকের ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচিত সদস্যদের মুখ উন্মুক্ত রাখার বাধ্যবাধকতার ক্ষেত্রে দেওয়া একটি ছাড় বহাল রেখেছেন আদালত। আদালত বলেছেন, ওই বাধ্যবাধকতা তাঁদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করে।
আইনটির বিরুদ্ধে মামলা করা সংগঠনগুলোর একটি ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম) রায়টিকে ‘আমাদের সাংবিধানিক গণতন্ত্রের জন্য এক অন্ধকার দিন’ বলে অভিহিত করেছে। সংগঠনটির প্রধান নির্বাহী স্টিফেন ব্রাউন বলেন, ‘একুশ শতকে আমাদের দেশে পুরো একেকটি শ্রেণির মানুষকে পুরো একেকটি পেশা থেকে নিষিদ্ধ করা হচ্ছে, তারা কী করেছে সে জন্য নয়, তারা কে সে জন্য।’
রায়ে কানাডার চার্টার অব রাইটস অ্যান্ড ফ্রিডমসের ‘নটউইথস্ট্যান্ডিং ক্লজ’ বা অগ্রাহ্যকরণ ধারার ব্যবহার নিয়েও সিদ্ধান্ত দিয়েছেন আদালত। এ ধারার মাধ্যমে সরকার ধর্মীয় স্বাধীনতা ও সমতার অধিকারের মতো মৌলিক অধিকার লঙ্ঘন করলেও কোনো আইন পাঁচ বছর পর্যন্ত বলবৎ রাখতে পারে। আদালত বলেছেন, কুইবেক বৈধভাবেই ধারাটি প্রয়োগ করেছে এবং ‘এই ক্ষমতা প্রয়োগে আদালতের পক্ষ থেকে বাড়তি সীমা আরোপের সুযোগ নেই’।
কানাডিয়ান সিভিল লিবার্টিজ অ্যাসোসিয়েশন বলেছে, ‘যাঁদের জীবনে এই আইন প্রতিদিন প্রভাব ফেলে, তাঁদের জন্য দরজা বন্ধই থেকে গেল। বিল ২১ ইতিমধ্যে কুইবেকের এক প্রজন্মকে ধর্মবিশ্বাসের কারণে তাঁদের পছন্দের সরকারি পেশা থেকে বঞ্চিত করেছে।’
২০১৯ সালের জুনে সরকারি প্রতিষ্ঠানের ধর্মীয় নিরপেক্ষতা রক্ষার কথা বলে আইনটি পাস করে কুইবেক। এর জেরে অনেকে চাকরি হারিয়েছেন, কেউ কেউ পেশায় টিকে থাকতে প্রদেশ ছেড়েছেন। চাকরি বাঁচাতে কর্মস্থলে হিজাব খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কিছু মুসলিম নারী। পরে স্কুলের সহায়ক কর্মী, স্বেচ্ছাসেবক ও শিশু পরিচর্যাকেন্দ্রের কর্মীদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা বাড়িয়েছে প্রাদেশিক সরকার। এমনকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও ধর্মীয় প্রতীক নিষিদ্ধ করার পরিকল্পনার কথা জানিয়েছে তারা।
সূত্র: আল-জাজিরা
ছবি: উইকিমিডিয়া কমন্স





