জাল জন্মনিবন্ধনে পাসপোর্টের চেষ্টা, নেত্রকোনায় দুই রোহিঙ্গাসহ আটক ৪
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় জাল কাগজপত্রে জন্মনিবন্ধন সনদ তৈরি করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে পুলিশ। জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করতে গেলে তাঁদের কথাবার্তা ও কাগজপত্রে অসংগতি ধরা পড়ে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।
আটক ব্যক্তিরা হলেন রোহিঙ্গা নাগরিক কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯) ও তাঁর বাবা রশিদউল্লাহ ওরফে বদিউল আলম (৪০)। অন্য দুজন পূর্বধলা উপজেলার পাটলি গ্রামের আব্দুল জলিল (৪২) ও ইলাশপুর গ্রামের মো. আজিজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর কাউসার ও তাঁর বাবা পূর্বধলার পাটলি গ্রামের একটি বাড়িতে আসেন। অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় জাল কাগজপত্র তৈরি করে কাউসারের নামে জন্মনিবন্ধন সনদ নেওয়া হয়। এতে ইউনিয়ন পরিষদের দুই উদ্যোক্তার জড়িত থাকার অভিযোগ উঠেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দালালের মাধ্যমে তাঁরা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নেত্রকোনায় আসেন।
পরে নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করেন কাউসার। এ সময় তাঁর কথাবার্তা ও জমা দেওয়া কাগজপত্রে অসংগতি পান কর্মকর্তারা। সন্দেহ হলে বিষয়টি আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়।
আগিয়া ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়। পরে ইউএনওর নির্দেশে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই বিদেশি নাগরিক ও উপজেলার দুই বাসিন্দাকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগের বিষয়ে আটক ব্যক্তি ও অভিযুক্ত উদ্যোক্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: প্রতিনিধি





