আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে হাইকোর্টে রিট
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে তাদের কনটেন্ট ব্লকের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) নড়াইলের কালিয়ার এমএস মোস্তাফিজুর রহমানসহ সাত জুলাইযোদ্ধার পক্ষে ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে এ রিট করেন। আগামী রোববার শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি।
রিটে সংসদের আইন বা অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সংগঠনগুলো বিলুপ্ত করা এবং ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে তাদের নামে প্রকাশিত পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল সরিয়ে ফেলা ও ব্লক করার আরজি জানানো হয়েছে; তবে বৈধ সংবাদ, গবেষণা ও সরকারের সমালোচনা এর আওতার বাইরে থাকবে।
রিটে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আইন, মন্ত্রিপরিষদ, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য সচিব, বিটিআরসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএফআইইউ প্রধানকে বিবাদী করা হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





