পোশাক কারখানায় মালিক-পরিচালকের গড় মজুরি ৩ লাখ, শ্রমিকের ২০,৯০৬ টাকা: বিআইডিএস জরিপ
দেশের তৈরি পোশাক খাতে মালিক ও পরিচালকদের গড় মাসিক মজুরি ৩ লাখ ১১ হাজার ৬৩৬ টাকা, আর শ্রমিকদের গড় মজুরি ২০ হাজার ৯০৬ টাকা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার আগারগাঁওয়ে বিআইডিএস সম্মেলন কক্ষে ‘বিআইডিএস-বিসিআই ইভালুয়েট ১০০ সূচকের’ প্রথম দফার ফলাফল প্রকাশ করা হয়। চলতি বছরের এপ্রিল-জুন সময়ে ১৩০টি মাঝারি ও বড় কারখানার ব্যবস্থাপকদের কাছ থেকে তথ্য নিয়ে জরিপটি করা হয়। জরিপে নেতৃত্ব দেন বিআইডিএসের গবেষণা পরিচালক কাজী ইকবাল।
জরিপ অনুযায়ী, পোশাক খাতে ব্যবস্থাপকদের গড় মজুরি ৮৪ হাজার ৪১৮ টাকা এবং মেশিন অপারেটরদের ১৯ হাজার ৪৬৯ টাকা। পোশাকের বাইরে অন্য শিল্পে মালিক-পরিচালকদের গড় মজুরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা ও শ্রমিকদের ২২ হাজার ৮৭৫ টাকা। পুরুষ শ্রমিকের গড় মজুরি ২৩ হাজার ৮৬১ টাকা, নারীর ১৮ হাজার ৮২০ টাকা।
জরিপে দেখা গেছে, কারখানাগুলোতে দিনে গড়ে ৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, যা আগের বছরের দ্বিগুণ। উৎপাদন সক্ষমতার ব্যবহার ৬৭ থেকে কমে ৬৬ শতাংশে নেমেছে এবং মোট শ্রমিকের সংখ্যা ১ শতাংশ কমেছে। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, মানুষ এখন শুধু নীতির কথা নয়, বাস্তবায়ন দেখতে চায়।
ছবি: সংগৃহীত





