নতুন মজুরি ঘোষণার পরও শ্রমিক অসন্তোষ, সাভার-গাজীপুরে ৪০০ কারখানায় উৎপাদন বন্ধ
পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণার পরদিন বুধবারও সাভার ও গাজীপুরে শ্রমিক অসন্তোষ চলেছে। এক কারখানামালিকের তথ্য অনুযায়ী, দুই এলাকায় অন্তত ৪০০ কারখানায় সেদিন উৎপাদন হয়নি।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, মঙ্গলবারের তুলনায় পরিস্থিতি কিছুটা ভালো হলেও বড় উন্নতি হয়নি। কিছু কারখানা শ্রম আইনের ১২(১) ধারায় আগে থেকেই বন্ধ ছিল। নতুন মজুরি দিতে গিয়ে ছোট ও মাঝারি কারখানা বিপাকে পড়বে এবং এক বছরের মধ্যে কিছু কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।
বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিক্রিয়া মিশ্র। ১৭টি ফেডারেশনের জোট ইন্ডাস্ট্রিওল বাংলাদেশ কাউন্সিল বলেছে, ১৭ হাজার টাকা শ্রমিকদের প্রত্যাশা পূরণ করেনি; তারা আপত্তি জানাবে, তবে চূড়ান্ত মীমাংসা পর্যন্ত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে। গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান তৌহিদুর রহমানও কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়ে বলেন, ছাঁটাই, হামলা বা মামলা মেনে নেওয়া হবে না। শ্রমিকনেতা মোশরেফা মিশু প্রস্তাবিত মজুরি প্রত্যাখ্যান করেছেন।
স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, নতুন ন্যূনতম মজুরি এখন ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে বেশি।
ফাইল ছবি





