দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
দুই বছরের বিরতির পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আবারও জায়গা পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র। ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য উৎসবের ৩২তম আসরে দেখানো হবে মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ ও রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
‘বনলতা সেন’ উৎসবের এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড) বিভাগে এবং ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে। বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুদা রহমান নাবিলা, কবি জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাসার। ছবিটি কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগেও দেখানো হবে।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্প গড়ে উঠেছে ঢাকার একটি বিউটি পারলার ও একটি বিয়েকে ঘিরে। মূল চরিত্রে অভিনয় করেছেন জাইনিন চৌধুরী করিম। ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে, জার্মানি ও বাংলাদেশের খনা টকিজের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি আগামী বছর দেশের দর্শকেরা দেখতে পাবেন বলে জানিয়েছেন নির্মাতা।
চব্বিশের রাজনৈতিক পটভূমি পরিবর্তন ও ভিসা জটিলতার কারণে টানা দুই বছর উৎসবে বাংলাদেশের কোনো ছবি বা অতিথি ছিল না। এর আগে ২০২১ সালে ‘নোনা জলের কাব্য’ নেটপ্যাক অ্যাওয়ার্ড এবং ২০২২ সালে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ যৌথভাবে সেরা ছবির পুরস্কার পেয়েছিল।
ছবি: সংগৃহীত





