রেলে নিয়োগ দুর্নীতি: আরও তিন মামলায় সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড
পূর্বাঞ্চল রেলওয়েতে নিয়োগ দুর্নীতির আরও তিনটি মামলায় সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও সাবেক সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুদকের আইনজীবী রেজাউল করিম রনি জানান, তিনটি মামলার প্রতিটিতে গোলাম কিবরিয়াকে তিন বছর ও ইউসুফ আলী মৃধাকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গোলাম কিবরিয়া কারাগারে আছেন, ইউসুফ আলী মৃধা পলাতক। এর আগে রবিবার একটি এবং সোমবার দুটি মামলায়ও তাঁদের সাজা হয়।
মামলাগুলো ট্রেন নম্বর টেকার, টুল কিপার ও টিকেট ইস্যুয়ার পদে নিয়োগ সংক্রান্ত। অভিযোগ, ট্যাবুলেশন শিটে নম্বর বাড়িয়ে এবং লিখিত পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং জেলা কোটা মানা হয়নি। ২০১২ ও ২০১৩ সালে দুদক মামলাগুলো করেছিল।
ছবি: সংগৃহীত





