মিসিসিপি উপকূলে ছোট বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জন নিহত
যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপকূলে মেক্সিকো উপসাগরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার পাসকাগুলা ও হর্ন আইল্যান্ডের মাঝামাঝি এলাকায় বিমানটি সাগরে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড।
সেসনা ২১০ মডেলের বিমানটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে যাচ্ছিল। বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আলাবামার মোবাইল এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এফএএ জানিয়েছে, সে সময় বিমানটি মিনিটে প্রায় ১০ হাজার ফুট গতিতে নিচে নামছিল।
কোস্ট গার্ডের মুখপাত্র জুয়ান রস জানান, নিহতদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক ও ৮ ও ১০ বছর বয়সী দুই শিশু। ডুবুরিরা বিমানের কেবিন থেকে মরদেহগুলো উদ্ধার করেন। কোস্ট গার্ডের কমান্ডার ট্রেভর ব্লাউন্ট ঘটনাটিকে হৃদয়বিদারক আখ্যা দিয়েছেন।
দুর্ঘটনার কারণ তদন্তে নেতৃত্ব দিচ্ছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি), সঙ্গে আছে এফএএ।
সূত্র: সিবিএস নিউজ, এবিসি নিউজ
প্রতীকী ছবি





