‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ লিখে বিএনপি থেকে পদত্যাগ, দুদিন পর গ্রেপ্তার বোরহান
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি থেকে পদত্যাগের দুই দিন পর গ্রেপ্তার হয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে বোয়ালমারী ও মধুখালী থানা-পুলিশ যৌথভাবে তাঁকে গ্রেপ্তার করে। চেক প্রতারণার একটি মামলায় সাজার প্রায় চার বছর পর তাঁকে গ্রেপ্তার করা হলো।
এর আগে মঙ্গলবার রাতে ফেসবুকে নিজের ছবিসহ একটি ফটোকার্ড প্রকাশ করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন বোরহান। সেখানে তিনি লেখেন, ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে।’ পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়ের করা চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর বোরহানের এক বছরের কারাদণ্ড হয়। এলাকাবাসীর ভাষ্য, দণ্ডিত হলেও তিনি প্রকাশ্যে চলাফেরা করতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন।
স্থানীয় বিএনপি নেতা সঞ্জয় সাহা অভিযোগ করেছেন, বোরহান একটি ইটভাটায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন এবং সর্বশেষ এক ইউপি চেয়ারম্যানকে আটকে রেখে এক লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। খন্দকার নাসিরুল ইসলাম ফেসবুকে লিখেছেন, সম্প্রতি কিছু বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় বোরহানকে তাঁর সঙ্গে থাকতে নিষেধ করা হয়েছিল।
গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে বুধবার দিবাগত রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় বোরহান অভিযোগ করেন, খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে, যা রাজনৈতিক প্রতিহিংসা। তিনি ফরিদপুর-১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণাও দেন। চাঁদাবাজির অভিযোগের বিষয়ে বোরহানের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





