১৪ বছরের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন, অস্থির জাতীয় বিশ্ববিদ্যালয়
চৌদ্দ বছরের বকেয়া বেতন ও জ্যেষ্ঠতাসহ নানা দাবিতে ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর আন্দোলন ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা দেখা দিয়েছে। গত রোববার থেকে গাজীপুরের মূল ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থানের পর সোমবার উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন বলে দৈনিক আমার দেশ জানিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সিন্ডিকেট সভায় মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরে মধ্যরাতে পুলিশ প্রহরায় ক্যাম্পাস ছাড়েন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। ঘটনা তদন্তে ইউজিসি সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে আন্দোলনে জড়িত অভিযোগে ২২ কর্মকর্তা ও অজ্ঞাতনামা প্রায় ১৫০ জনের বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. সালাহ উদ্দিন। আন্দোলনকারীরা মামলাকে আন্দোলন দমনের চেষ্টা বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে বক্তব্য জানতে মামলার বাদীর মোবাইলে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায় বলে জানিয়েছে আমার দেশ।
উপাচার্য আমানুল্লাহ বলেন, “সমাধানে কাজ চলছে, সরকার চেষ্টা করছে। বকেয়া বেতন ও অন্যান্য দাবির বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। এখন সরকারের সিদ্ধান্তের বিষয়।” মামলার বিষয়ে তিনি বলেন, বিষয়টি তিনি দেখবেন।
২০০৩-০৪ সালে নিয়োগ পাওয়া এই কর্মকর্তা-কর্মচারীরা ২০১২ সালে চাকরিচ্যুত হন। ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগ তাদের পুনর্বহাল এবং জ্যেষ্ঠতা অক্ষুণ্ণ রাখার নির্দেশ দেন; এরপর ৮৭৬ জন যোগ দেন। রায়ের পূর্ণ বাস্তবায়নের দাবিতে আগামীকাল রোববার ক্যাম্পাসে সমাবেশের কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।





