চীনের চাহিদায় পাকিস্তানে গাধার সংকট, বিপাকে বেলুচিস্তানের গ্রামবাসী
চীনে ঐতিহ্যবাহী ওষুধ ‘এজিয়াও’ তৈরিতে গাধার চামড়ার চাহিদা বেড়ে যাওয়ায় পাকিস্তান থেকে চীনে গাধা রপ্তানি বাড়ছে। এর প্রভাব পড়ছে বেলুচিস্তানের প্রত্যন্ত গ্রামগুলোতে, যেখানে গাধাই অনেক পরিবারের আয়ের প্রধান ভরসা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে কেচ জেলার কুলাহু গ্রামের মুহাম্মদ নূরের গল্প। গাধা দিয়ে মালামাল বহন করে তিনি দিনে প্রায় এক হাজার রুপি আয় করতেন।
স্ত্রীর চোখের অস্ত্রোপচারের খরচ জোগাতে তিনি নিজের দুটি গাধা বিক্রি করতে বাধ্য হন—একটি ৭৫ হাজার এবং অন্যটি ৪৪ হাজার রুপিতে। এখন আয়ের পথ হারিয়ে বিপাকে পড়েছেন তিনি।
স্থানীয়রা বলছেন, চীনা চাহিদার কারণে গাধার দাম কয়েক গুণ বেড়েছে। ফলে দরিদ্র পরিবারগুলোর পক্ষে নতুন করে গাধা কেনা কঠিন হয়ে পড়েছে।
এজিয়াও গাধার চামড়া থেকে তৈরি এক ধরনের জেলাটিন, যা চীনে রক্তস্বল্পতা ও সৌন্দর্যচর্চাসহ নানা কাজে ব্যবহৃত হয়। এর চাহিদা মেটাতে বিশ্বজুড়ে গাধার সংখ্যা কমে যাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র: আল-জাজিরা
প্রতীকী ছবি





