বিএনপির বিক্ষোভের পর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রী ও জামাতা আটক
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও নগর মহিলা লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন এবং তার জামাতা ডা. সেলিম আকতার চৌধুরীকে আটক করেছে পুলিশ। হাসিনা মহিউদ্দিন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা।
রোববার (২৯ নভেম্বর) রাতে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে জানান, কোন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে, তা পরে জানানো হবে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সন্ধ্যায় ওই ভবনে অভিযান চালিয়ে প্রথমে ডা. সেলিমকে আটক করে পুলিশ। একই বাসায় হাসিনা মহিউদ্দিনও আছেন দাবি করে তাকে আটক না করায় রাত পৌনে ১১টার দিকে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে হাসিনা মহিউদ্দিনকেও আটক করা হয়।
ডা. সেলিম চসিকের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততা থাকতে পারে। দায়িত্বে থাকার সময় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগও উঠেছিল।
আটক দুজনের বা তাদের পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: হাসিনা মহিউদ্দিন ও ডা. সেলিম আকতার চৌধুরী (সংগৃহীত)





