বাইপ্যাপ খুলে নেওয়া হয়েছে, আগের চেয়ে ভালো আছেন মামুনুর রশীদ
বরেণ্য নাট্যজন মামুনুর রশীদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাঁর শরীর থেকে বাইপ্যাপ খুলে নেওয়া হয়েছে। তবে এখনো হাই-ফ্লো অক্সিজেনের মাধ্যমে ২০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে।
শনিবার (২৯ নভেম্বর) তাঁর প্রতিষ্ঠিত নাট্যদল আরণ্যক নাট্যদলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, মামুনুর রশীদের রক্তের সংক্রমণ আগের তুলনায় কমে আসছে। নিউমোনিয়ার চিকিৎসাও চলছে। কয়েক দিন আগেও তাঁকে ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছিল।
চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। নাট্যদলের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে কয়েক দশক ধরে সক্রিয় মামুনুর রশীদ দেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। নাটকে অবদানের জন্য তিনি একুশে পদকসহ বহু সম্মাননা পেয়েছেন।
ছবি: সংগৃহীত





